
হুগলি , ৭ জুন (হি.স.) : স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ফিট ইন্ডিয়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রবিবার খানাকুলে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, বিজেপি নেতা-কর্মী এবং এলাকার বহু বাসিন্দা।
খানাকুল-২ ব্লক মোড় থেকে মিছিলের সূচনা হয়। রাজহাটি বাজার-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি পুনরায় নির্দিষ্ট স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বার্তাসম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিলটির মাধ্যমে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব, স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা এবং পরিবেশ দূষণ কমাতে সাইকেল ব্যবহারের উপকারিতা তুলে ধরা হয়।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “সুস্থ শরীর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করতেই এই উদ্যোগ।”
কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। আয়োজকদের মতে, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA