
হুগলি , ৭ জুন (হি.স.) : কন্যা সন্তানের অন্নপ্রাশনকে ঘিরে মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন খানাকুলের বলাইচক এলাকার বাসিন্দা তনয় সি ও কুহেলিকা সি। তাঁদের কন্যা কথামৃতার অন্নপ্রাশন উপলক্ষে রবিবার আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির।
গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির কথা মাথায় রেখেই পরিবারের আনন্দঘন দিনটিকে সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন আয়োজকরা। সেই ভাবনা থেকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কন্যার অন্নপ্রাশনের আনন্দকে সমাজের বৃহত্তর স্বার্থে উৎসর্গ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সমাজকল্যাণমূলক কর্মসূচিকে যুক্ত করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন অন্যদেরও সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।”
কথামৃতার অন্নপ্রাশন উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবির এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পারিবারিক আনন্দের সঙ্গে মানবসেবার এই মেলবন্ধন অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA