নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়ছে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী
আগরতলা, ৭ জুন (হি.স.) : রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ফের বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বেড়েছে বলে অভিযোগ তুলেছে সিপিআই(এম)। একইসঙ্গে পেট্রোল, ডিজেল ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে রাজ্য তথা দেশে
বিরোধী দলনেতা


আগরতলা, ৭ জুন (হি.স.) : রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ফের বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বেড়েছে বলে অভিযোগ তুলেছে সিপিআই(এম)। একইসঙ্গে পেট্রোল, ডিজেল ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে রাজ্য তথা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

রবিবার এক প্রতিক্রিয়ায় তিনি কেন্দ্র সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারের উপর। পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য প্রায় সব সামগ্রীর দাম বাড়ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষজন।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কর্পোরেটমুখী নীতি গ্রহণ করে সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করছে। তিনি বলেন, “সাম্রাজ্যবাদের পদলেহনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মূল কারণ। দেশের অর্থনীতিকে বহুজাতিক ও কর্পোরেট শক্তির হাতে তুলে দেওয়ার ফলেই আজ সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি বিশেষভাবে গৃহস্থ পরিবারের উপর প্রভাব ফেলছে। একদিকে কর্মসংস্থানের সংকট, অন্যদিকে লাগাতার মূল্যবৃদ্ধি মানুষের সংসার চালানোকে দুর্বিষহ করে তুলেছে। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষি, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও অতিরিক্ত ব্যয় বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক দাবি করেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিনি অবিলম্বে রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পাশাপাশি তিনি সাধারণ মানুষের স্বার্থে গণআন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংগঠিত জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বামপন্থী দল ও গণসংগঠনগুলো আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও তিনি ইঙ্গিত দেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande