৩৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে ফিরিয়ে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ
আগরতলা, ৭ জুন (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। উদ্ধার হওয়া
চুরি যাওয়া সামগ্রী উদ্ধার


আগরতলা, ৭ জুন (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে।

রবিবার পশ্চিম আগরতলা থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে আদালতের নির্দেশ মোতাবেক উদ্ধার হওয়া সামগ্রী প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান, গত ৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল পশ্চিম থানার অন্তর্গত এলাকায় সংঘটিত দুটি পৃথক চুরির ঘটনার পর থানায় মামলা রুজু করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্রের তথ্য সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং একাধিক স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর সন্ধান মেলে।

তিনি জানান, মামলাগুলির তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ পর্যন্ত মোট ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরেই অধিকাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা এবং এর পাশাপাশি বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করে তাঁদের হাতে ফিরিয়ে দিতে পারা পুলিশের কাছে অত্যন্ত সন্তোষজনক বিষয়। পুলিশের নিরলস প্রচেষ্টা এবং দ্রুত তদন্তের ফলেই এই সাফল্য এসেছে।”

উদ্ধার হওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি মালিকরাও পুলিশের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশের তৎপরতায় সেই সম্পত্তি পুনরায় হাতে পেয়ে তাঁরা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।

পশ্চিম আগরতলা থানার এই সাফল্য অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন সচেতন মহলের একাংশ। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande