‘সানডে অন সাইকেল’ কর্মসূচিতে সাইকেল চালালেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
হুগলি, ৭ জুন (হি.স.) : স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে রবিবার হুগলির শ্রীরামপুরে অনুষ্ঠিত হল ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। শ্রীরামপুর মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালিতে অং
সাইকেল যাত্রায় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য


হুগলি, ৭ জুন (হি.স.) : স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে রবিবার হুগলির শ্রীরামপুরে অনুষ্ঠিত হল ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। শ্রীরামপুর মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালিতে অংশ নেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।

এদিন এসডিও কার্যালয়ের সামনে থেকে র‌্যালির সূচনা হয়। প্রতিমন্ত্রী নিজেও সাইকেল চালিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শ্রীরামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় এসডিও কার্যালয়ে এসে শেষ হয়।

কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাইকেলের ব্যবহার বাড়ানো, স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং পরিবেশ দূষণ রোধে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, “সাইকেল শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ জীবনযাপন ও পরিবেশ রক্ষার অন্যতম উপায়। নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব ফেলে।”

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande