
তারকেশ্বর, ৭ জুন (হি.স.) : শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে রবিবার তারকেশ্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়।
জানা গিয়েছে, গোবরহারা সমবায় সমিতি লিমিটেডের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। তাঁদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সন্তু পান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের সম্পদ। তাঁদের সাফল্য গোটা এলাকার গর্ব।”
এদিন অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।
শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সম্মাননা পেয়ে কৃতী শিক্ষার্থীরাও নিজেদের অনুপ্রাণিত বলে জানায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA