
শান্তিপুর, নদিয়া, ৮ জুন (হি. স.):- নদিয়ার শান্তিপুরে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি ঘিরে সোমবার ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা শিল্পী দাসের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছে যায় শান্তিপুর থানার পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিল্পী দাসের স্বামী রাজু দাস দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে যুক্ত ছিলেন। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে দুর্নীতি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অর্থ আত্মসাৎ, হুমকি-ধমকি এবং বাড়িতে অস্ত্র মজুদের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।এলাকাবাসীদের আরও অভিযোগ, অতীতে ভয়ের পরিবেশের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। বর্তমানে তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন। ঘটনার পর থেকে রাজু দাস পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবং পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।অন্যদিকে, শিল্পী দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক কারণে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিষয়টি তদন্ত করে সত্য সামনে আনুক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়