
কলকাতা, ৮ জুন (হি.স.): ভোট-পরবর্তী হিংসার বলি আরও এক রাজনৈতিক কর্মী। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি মিহির ঘোষ। মিহিরের মৃত্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, বাড়ি থেকে টেনে বের করে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। বিজেপি-র মদতপুষ্ট দুষ্কৃতীদের দ্বারা নির্মমভাবে মারধর করা হয়েছে। আমাদের নিবেদিতপ্রাণ কর্মী মিহির ঘোষ শেষ পর্যন্ত আঘাতের কাছে হার মেনে প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, এটি কেবল একটি হামলা ছিল না। এটি ছিল রাষ্ট্র-সমর্থিত রাজনৈতিক হিংসার এক বর্বরোচিত ঘটনা, যা একটি পরিবারকে তাদের প্রিয়জনকে চিরতরে হারিয়ে ফেলার শোকে নিমজ্জিত করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, আইন-শৃঙ্খলার এই চরম বিপর্যয়ের জন্য বিজেপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আগে আর কত প্রাণ ঝরবে?
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ