
শ্রীভূমি (অসম), ৮ জুন (হি.স.) : রাজ্যের তফশিলি জাতি (এসসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-ভুক্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে জাতীয় স্কলারশিপ পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টেলের মাধ্যমে নতুন এবং নবীকরণ আবেদন আহ্বান করেছেন অসম সরকারের এসসি এবং ওবিসি কল্যাণ অধিকর্তা।
এক বিজ্ঞপ্তি জারি করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি স্কিমের অধীনে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে। এর মধ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। অস্বাস্থ্যকর পেশায় (আনক্লিন্ড অকুপেশন) নিয়োজিত অভিভাবকদের প্রথম থেকে দশম শ্রেণির এসসিভুক্ত ছেলেমেয়েদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। এসসি শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ। ওবিসি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। এছাড়া ওবিসি শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আবেদনকারীকে অবশ্যই জেলাশাসকের কার্যালয় থেকে ইস্যুকৃত বৈধ এসসি বা ওবিসি শংসাপত্র জমা দিতে হবে। এতে পারিবারিক আয়ের সীমা, এসসি এবং ওবিসি শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের বার্ষিক আয় সমস্ত উৎস সহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে। এই আয়ের শংসাপত্র সংশ্লিষ্ট রেভিনিউ সার্কলের সার্কাল অফিসারের প্রদানকৃত হতে হবে। তবে অস্বাস্থ্যকর পেশায় যুক্ত অভিভাবকদের সন্তানদের ক্ষেত্রে আয়ের কোনও ঊর্ধ্বসীমা নেই, তবে সমাজকল্যাণ বিভাগ বা স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট আধিকারিকের কাছ থেকে পেশার শংসাপত্র থাকতে হবে। বোনাফাইড শংসাপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করে জমা দিতে হবে। এতে আবেদনকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘এনএপি ওটিআর’ (NSP OTR) অ্যাপ ডাউনলোড করে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ (OTR) নম্বর তৈরি করতে হবে। এর জন্য ফেস-অথেন্টিকেশন করা বাধ্যতামূলক। বিস্তারিত তথ্যের জন্য https://scholarships.gov.in ওয়েবসাইট ভিজিট করতে আহ্বান জানানো হয়েছে।
এতে ওটিআর জেনারেট করার জন্য আধার কার্ড এবং আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর থাকা আবশ্যক। নাবালক আবেদনকারীদের নিজস্ব আধার না থাকলে মা-বাবার আধার প্রদান করতে হবে। স্কলারশিপের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
তাই আবেদনকারীকে অবশ্যই সচল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং অ্যাকাউন্টটি আধার নম্বরের সাথে লিংক থাকা বাধ্যতামূলক। বলা হয়েছে, এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের এনএসপি পোর্টালের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস