
ইমফল, ৮ জুন (হি.স.) : মণিপুর বিজেপির প্রাক্তন সভানেত্রী তথা দলের প্রবীণ নেত্রী অধিকারিমায়ুম শারদা দেবী আজ সোমবার ইমফলে রাজ্য বিধানসভা সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের জন্য তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পেশের সময় শারদা দেবীকে সঙ্গ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং, বিজেপি বিধায়ক এবং দলের শীর্ষ নেতাগণ।
শারদা দেবীর প্রার্থিত্ব প্রদেশ বিজেপির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি মণিপুর বিজেপির প্রথম মহিলা সভানেত্রী ছিলেন। এখন সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শারদা দেবী।
মণিপুরে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন। ওই দিন বিকেল ৫.০০টা থেকে ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ৮ জুন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল ৯ জুন মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। প্রার্থীরা ১১ জুন পর্যন্ত তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস