
ইটানগর, ৮ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের প্রবীণ নেতা তাই তাগাক আজ সোমবার ইটানগরে রাজ্য বিধানসভা সচিবালয়ে রিটার্নিং অফিসার টাডার মীনার কাছে রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের জন্য তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজেপি-প্রার্থী তাগাকের সঙ্গেছিলেন মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন, গৃহমন্ত্রী মামা নাতুং, শিক্ষামন্ত্রী পাচাং দর্জি সোনা, বিজেপির প্রদেশ সভাপতি কালিং ময়ং, অসম সরকারের মন্ত্রী অশোক সিংহল, একাধিক বিধায়ক, ইটানগর পৌর নিগমের মেয়র লিখা নাড়ি এবং বহু বিজেপি নেতা ও দলীয় কার্যকর্তা।
মনোনয়ন দাখিলের সময় শাসক দল বিজেপি কার্যকর্তারা ব্যাপক উল্লাস ব্যক্ত করেছেন। দলের প্রবীণ কার্যকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিরাও মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন।
প্রবীণ বিজেপি নেতা তাই তাগাক বহু বছর ধরে দলের সঙ্গে যুক্ত। অরুণাচল প্রদেশে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁকে রাজ্যের বিজেপির অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে গণ্য করা হয়। গত কয়েক বছরে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
বর্তমান রাজ্যসভার সাংসদ নাবাম রেবিয়ার মেয়াদ আগামী ২৩ জুন শেষ হওয়ায় এই আসনের জন্য নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। আগামী ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬০ সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাগাকের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।
এদিকে দলের প্রদেশ সভাপতি কালিং ময়ং শুভেচ্ছা জানিয়ে বলেন, তাই তাগাক একজন নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিবদ্ধ দলীয় কার্যকর্তা। কয়েক দশক ধরে অরুণাচল প্রদেশে বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছেন তিনি। ময়ং বলেন, দলের আদর্শ ও দৃষ্টিভঙ্গির প্রতি তাগাকের অটল বিশ্বাস, প্রতিকূল সময়ে তাঁর অবিচল অধ্যবসায় এবং তৃণমূল স্তরে তাঁর অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাঁকে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে।
প্রদেশ বিজেপি সভাপতি আশা ব্যক্ত করে বলেন, তাই তাগাক সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অরুণাচল প্রদেশের মানুষের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবেন। রাজ্যের উন্নয়ন ও জনগণের আশা-আকাঙ্ক্ষা সম্পর্কিত বিষয়গুলো জাতীয় স্তরে কার্যকরভাবে তুলে ধরবেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস