বাইশঘড়িয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেই খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে বাইশঘড়িয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা ন
রাস্তার বেহাল অবস্থা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেই খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে বাইশঘড়িয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি এলাকার বহু গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক এবং রোগীবাহী যানবাহন এই পথ ব্যবহার করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো জলমগ্ন হয়ে পড়ে এবং কোথাও কোথাও হাঁটু সমান জল জমে যায়। এতে রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা এলেই সমস্যার মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। জল জমে থাকার কারণে গর্তের গভীরতা বোঝা যায় না। ফলে প্রায়শই মোটরসাইকেল আরোহী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে ছাত্রছাত্রী, প্রবীণ ব্যক্তি এবং রোগীদের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের।

স্থানীয়দের একাংশের বক্তব্য, নির্বাচনের আগে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ভোটের সময় রাস্তা সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও ভোট পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ। তাঁদের দাবি, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

জনৈক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এটি রাস্তা নাকি জলাশয়, তা বোঝা কঠিন। প্রতিদিন জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা জলের নিচে চলে যায়।”

আরেক বাসিন্দার বক্তব্য, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। অথচ বছরের পর বছর ধরে সমস্যার কোনও সমাধান হচ্ছে না। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা।”

এদিকে, রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এলাকাবাসীর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের এমন করুণ অবস্থা যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তাহলে উন্নয়নের দাবি কতটা বাস্তব, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

স্থানীয়দের দাবি, অস্থায়ী মেরামতির পরিবর্তে দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার ও জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হোক, যাতে বর্ষাকালেও নির্বিঘ্নে যাতায়াত সম্ভব হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande