
কলকাতা, ৮ জুন (হি. স.) : দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পা দিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (সিএসজেসি)-এর মেয়েদের ফুটবল কোচিং স্কুল। সেই পথচলায় নতুন সঙ্গী হিসেবে যুক্ত হল সগড়ভাঙা ক্রিকেট অ্যাকাডেমি। সোমবার ক্লাবে এক অনুষ্ঠানে দুই সংস্থার মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস, ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শান্তি মল্লিক এবং সগড়ভাঙা ক্রিকেট অ্যাকাডেমি কর্ণধার শান্তিময় কুন্ডু। ভবিষ্যতেও এই উদ্যোগের পাশে থাকার আশ্বাস সবরকম ভাবে দিয়েছেন শান্তিময়।
ইতিমধ্যেই সাফল্যের নজির গড়েছে সিএসজেসির ফুটবল স্কুল। অনূর্ধ্ব - ১৩ বিভাগের মেয়েরা রিলায়েন্স ফাউন্ডেশন জুনিয়র লিগে রানার্স -আপ হয়েছে। পরিশেষে, অনুষ্ঠানে দীপেন্দু বলেন, “প্রথম দিন থেকেই এদের সঙ্গে রয়েছি। ছোট ছোট মেয়েদের উন্নতি চোখে পড়ার মতো।” মেহতাবের বার্তা, - “একদিন তোমাদের বাংলা ও দেশের হয়ে ফুটবল খেলতেই হবে।”
দীপঙ্কর রায় জানান, এই ধরনের ফুটবল স্কুল পরিচালনা করা সহজ নয়, তবু তাঁরা সব সময় পাশে থাকবেন। অসীম বিশ্বাস ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। সিএসজেসি'র প্রাক্তন সভাপতি সুভেন রাহার বলেন, “সাংবাদিকদের কাজ শুধু খেলা নিয়ে লেখা নয়, খেলার জন্যও কিছু করা।” বর্তমান সভাপতি অর্চিমান ভাদুড়ি উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত