
জলপাইগুড়ি, ৮ জুন (হি.স.): চা বাগানের ভেতর থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বানারহাটে। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কাঠালগুঁড়ি চা বাগানের ১৩ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আর পাঁচটা দিনের মতোই কাঠালগুঁড়ি চা বাগানের ১৩ নম্বর সেকশনে কাজ করতে গিয়েছিলেন বাগানের শ্রমিকেরা। সেখানে একটি হস্তিশাবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। তাঁরা এসে হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গেছে, হস্তিশাবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হস্তিশাবকটির মৃত্যু কোনও অসুস্থতার কারণে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বন দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ