
গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : যোরহাটের গড়মুরে অবস্থিত শংকরদেব বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত বিদ্যা ভারতীর অন্তর্গত শিশু শিক্ষা সমিতি, অসম-এর বার্ষিক সাধারণ সভার সফল সমাপ্তি ঘটেছে।
আজ সোমবার শিশু শিক্ষা সমিতি, অসম-এর প্রচার সংযোজক মুকুটেশ্বর গোস্বামী জানান, রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভার শুরুতে দেবি সরস্বতীর চিত্রপটের সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অসম মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অজন্তা বুঢ়াগোহাঁই রাজকোঁওর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর অসম প্রান্তের প্রান্ত প্রচারক নৃপেন বর্মণ, বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি, সম্পাদক ড. জগদীন্দ্র রায়চৌধুরী, শিশু শিক্ষা সমিতি, অসম-এর সভাপতি কুলেন্দ্রকুমার ভাগবতী এবং সাধারণ সম্পাদক জগন্নাথ রাজবংশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সভাপতি ড. অলকানন্দ বরুয়া ও অনিমা শর্মা, বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের জ্যেষ্ঠ সদস্য যোগেন্দ্র সিং সিসোদিয়া সহ বহু শিক্ষাবিদ ও কার্যকর্তা।
তিনি জানান, সভাপতি কুলেন্দ্রকুমার ভাগবতীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার প্রস্তাব ও কার্যবিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জগন্নাথ রাজবংশী।
প্রধান অতিথির বক্তব্যে ড. অজন্তা বুঢ়াগোহাঁই রাজকোঁওর সমন্বিত শিক্ষা, আধুনিক শিক্ষাব্যবস্থা, অ্যাটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের উৎকর্ষ সাধন এবং তাঁদের বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘মায়া’ নামক রোবটের সাহায্যে শিশুদের শিক্ষা প্রদানের সফলতার কথা তুলে ধরেন।
সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী বছরের বাজেট উপস্থাপন করেন অসম প্রকাশন ভারতীর সচিব দীপঙ্কর বরা। এছাড়া বিদ্যা ভারতীর বিভিন্ন কেন্দ্রীয় ও ভিত্তিভূত বিষয়, আর্কাইভ, প্রশিক্ষণ, মাতৃ ভারতী, শিশু বাটিকা এবং ক্রীড়া সংক্রান্ত নানা বিষয়ের উপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করা হয়।
শিশু শিক্ষা সমিতি, অসম-এর অন্তর্গত শংকরদেব শিশু নিকেতনের দীর্ঘদিনের প্রধানাচার্য ও সংকুল-প্রধান হিসেবে দক্ষতা, সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও কর্তব্যনিষ্ঠার জন্য যোরহাটের গড়মুরের প্রাক্তন প্রধানাচার্যা বর্ণালী বরুয়া এবং লখিমপুর জেলার নারায়ণপুরের প্রধানাচার্য বিনোদকৃষ্ণ শর্মাকে সংবর্ধনা জানানো হয়।
একই সভায় শিশু শিক্ষা সমিতি, অসম-এর ত্রৈমাসিক ই-পত্রিকা ‘মহাবাহু সংবাদ’-এর বার্ষিক সংখ্যা এবং গত ৩০ বছরে (১৯৯৬-২০২৬) মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উপর একটি তথ্যসমৃদ্ধ দলিল উন্মোচন করা হয়।
শেষে সভাপতি কুলেন্দ্রকুমার ভাগবতী সকলকে শুভেচ্ছা জানান এবং গড়মুর নিকেতনের আচার্য-আচার্যা, ছাত্রছাত্রী ও সকল কার্যকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস