
হাওড়া, ৮ জুন (হি. স.):- রাজ্যজুড়ে চলা হকার উচ্ছেদ অভিযানের আবহে রেল হকারদের জীবিকা রক্ষার দাবিতে সোমবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর কাছে স্মারকলিপি জমা দিল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। সংগঠনের প্রতিনিধিরা রেল হকারদের পুনর্বাসন, পরিচয়পত্র প্রদান এবং আইনি স্বীকৃতির দাবি তুলে ধরেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রেল স্টেশন ও ট্রেনে হকারি করে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের ফলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই হকারদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সংগঠনের প্রস্তাব, রেলের জমি ও প্ল্যাটফর্ম এলাকায় নির্দিষ্ট দোকানঘর তৈরি করে হকারদের বরাদ্দ করা হোক। এর জন্য প্রতি মাসে ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে তাঁরা প্রস্তুত। পাশাপাশি ট্রেনে হকারি করার ক্ষেত্রেও ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত নির্ধারিত ফি বা ভাড়া রেল কর্তৃপক্ষকে দিতে রাজি রয়েছেন বলে দাবি করা হয়।সংগঠনের সভাপতি বিনয় কুমার মণ্ডল বলেন, হকারদের পরিচয়পত্র প্রদান এবং তাঁদের ব্যবসাকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি জানান, ডিআরএম তাঁদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে শুনেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিনের প্রতিনিধি দলে সংগঠনের হাওড়া জেলা সভাপতি অখিলেশ সিং-ও উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়