বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু, আহত বহু
হায়দরাবাদ, ৮ জুন (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত স্টিল প্ল্যান্টে সোমবার এক ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পুরো প্ল্যান্ট চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে প
বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায়


হায়দরাবাদ, ৮ জুন (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত স্টিল প্ল্যান্টে সোমবার এক ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পুরো প্ল্যান্ট চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীরা নিজেদের প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করেন।

তথ্য অনুযায়ী, প্ল্যান্টের এসএমএস-২ ইউনিটে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে গরম ধাতুর বালতি পড়ে যাওয়ার ফলে গলিত ইস্পাত লিক বা চুইয়ে পড়তে শুরু করে। এর পরপরই ওই ইউনিটে ভয়াবহ আগুন লেগে যায়, যার কবলে পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, বহু শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং কিছু শ্রমিকের ইউনিটের ভেতরেই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আহত ও আটকে পড়া শ্রমিকদের সঠিক সংখ্যা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভরতি করা হয়েছে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ চালানোর এবং আহতদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রশাসনিক আধিকারিকদের মতে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। আপাতত ত্রাণ ও উদ্ধার অভিযান জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande