
শিলিগুড়ি, ৮ জুন (হি.স.) : শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং জিআরপি-র যৌথ দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে এই অভিযান চালায়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিরা রাধিকাপুর এক্সপ্রেসে চড়ে শিলিগুড়ি জংশনে পৌঁছেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এঁরা সকলেই দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখান থেকে ফেরার পথে বাংলাদেশে যাওয়ার উদ্দেশে তাঁরা শিলিগুড়িতে নেমেছিলেন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, তাঁরা শিলিগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে তল্লাশির সময় তাঁরা কোনও বৈধ নথিপত্র, পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি, যার জেরে তাঁদের গ্রেফতার করা হয়।
এসআরপি কুঁয়ার ভূষণ সিং সোমবার জানান, গোপন খবর পেয়ে যৌথ দল স্টেশনে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছেন যে তাঁরা কাজের সন্ধানে ভারতে এসেছিলেন এবং এখন নিজের দেশে ফেরার চেষ্টা করছিলেন। তাঁরা কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া আটজনের মধ্যে চারজন বাংলাদেশের দিনাজপুর জেলার এবং চারজন নীলফামারী জেলার বাসিন্দা। সকলের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট -এর অধীনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য অভিযুক্তদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি