
ফলতা, ৮ জুন (হি. স.) : অবশেষে পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা ওরফে 'পুষ্পা' জাহাঙ্গীর খান। ভারত-নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক সূত্রে দাবি, নেপালে পালানোর ছক কষেছিলেন জাহাঙ্গীর। পানিট্যাঙ্কি এলাকার একটি হোম-স্টেতে স্ত্রী ও সন্তানসহ গা-ঢাকা দিয়েছিলেন তিনি। জাহাঙ্গীরের কাছ থেকে বেশ কিছু নথিপত্র এবং মোবাইল ফোনও উদ্ধার করেছে এসটিএফ। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
কার্যত ফলতায় পুনর্নির্বাচনের দিন থেকেই বেপাত্তা ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার এই তৃণমূল প্রার্থী। নির্বাচনের দিন তাঁর স্ত্রীকে ভোট দিতে দেখা গেলেও জাহাঙ্গীরকে কোথাও দেখা যায়নি। এমনকি গণনার দিনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। আদালতের রক্ষাকবচ উঠতেই গা-ঢাকা দিয়েছিলেন অভিষেক-ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। তাঁর খোঁজে বিগত প্রায় দু-সপ্তাহ ধরেই তল্লাশি চালাচ্ছিল এসটিএফ। অবশেষে সপরিবারে লুকিয়ে থাকা এই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হলেন তদন্তকারীরা।
এদিকে জাহাঙ্গীরের গ্রেফতারের খবর এলাকায় পৌঁছাতেই উত্তেজিত জনতা তাঁর কার্যালয়, বাড়ি ও গাড়ি ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা