
গান্ধীনগর, ৮ জুন (হি.স.): গুজরাট থেকে রাজ্যসভার চারটি শূন্য আসনের জন্য ভারতীয় জনতা পার্টির চার প্রার্থী রাজু শুক্লা, মানসিং পারমার, মুকেশ রাঠওয়া এবং জিতেন্দ্র কাঞ্জারিয়া সোমবার গুজরাট বিধানসভায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গুজরাটের ১১টি রাজ্যসভা আসনের মধ্যে শূন্য হওয়া ৪টি আসনের জন্য আগামী ১৮ জুন ভোটগ্রহণ হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বড় কোনও অঘটন না ঘটলে বিজেপি প্রার্থীদের চারটি আসনেই জয় নিশ্চিত। গুজরাটের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার রাজ্যসভায় কংগ্রেসের একজনও সদস্য থাকবে না।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপির চার বিজেপি প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মনোনয়নপত্র দাখিলের সময় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিজেপির রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক রত্নাকর, বিধানসভার ডেপুটি স্পিকার পূর্ণেশ মোদী-সহ রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ