
হাফলং (অসম), ৮ জুন (হি.স.) : শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের (কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়) অধীনে অনুষ্ঠিত সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফলাফলে ব্যাপক অসংগতির অভিযোগকে কেন্দ্র করে হাফলং গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার।
এক বিবৃতিতে সমরজিৎ বলেন, সাম্প্রতিককালে নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র ও যুবসমাজের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই প্রেক্ষাপটে হাফলং গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে নামার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, বহু পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি এবং অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করা সত্ত্বেও তাঁদের অনুপস্থিত দেখানো হয়েছে। অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির পরিচায়ক হবে, বলেন সমরজিৎ। এর ফলে, বিশেষ করে ষষ্ঠ তফশিলভুক্ত এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সমরজিৎ হাফলংবার অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
এছাড়া উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, রাজ্য ও কেন্দ্রের ট্ৰিপল ইঞ্জিন সরকারের কাছে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে অসম বিশ্ববিদ্যালয়ের একটি পৃথক ক্যাম্পাস স্থাপনের দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, করবি আংলং জেলার ডিফুতে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন করা হয়েছে, সেভাবে হাফলঙেও একটি স্বতন্ত্র ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হলে জেলার উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ভবিষ্যতে প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান সহজ হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব