
ফলতা/কলকাতা, ৮ জুন (হি. স.):-দীর্ঘদিন ধরে বিতর্ক ও একাধিক অভিযোগে ঘেরা ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, তিনি নেপাল হয়ে বিদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের পর তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা এলাকায় দীর্ঘদিন ধরে দখলদারি, তোলাবাজি, লুটপাট এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক সময়ে ফলতার পুনর্নির্বাচনের আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন বলেও জানা যায়। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত অব্যাহত ছিল।স্থানীয় সূত্রের দাবি, অতীতের বিভিন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও ভোট লুটের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। রাজনৈতিক মহলে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে আলোচনা রয়েছে।এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় উত্তেজনা তৈরি হয়। বিক্ষুব্ধ জনতা জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তকারীরা গ্রেফতারের পর তাঁর যোগাযোগ ও পালানোর পরিকল্পনা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়