মেমারী পৌরসভায় বড়সড় ধাক্কা, চেয়ারম্যান-সহ ১১ তৃণমূল কাউন্সিলরের গণপদত্যাগে প্রশাসনিক সংকট
মেমারী, ৮ জুন (হি. স.): পূর্ব বর্ধমান জেলার মেমারী পৌরসভায় নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। সোমবার পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী-সহ মোট ১১ জন তৃণমূল কাউন্সিলর তাঁদের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সকাল থেকেই একের পর এক নির্বাচিত ক
গণ ইস্তফা


মেমারী, ৮ জুন (হি. স.): পূর্ব বর্ধমান জেলার মেমারী পৌরসভায় নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। সোমবার পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী-সহ মোট ১১ জন তৃণমূল কাউন্সিলর তাঁদের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সকাল থেকেই একের পর এক নির্বাচিত কাউন্সিলরের পদত্যাগের ঘটনায় মেমারীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।দীর্ঘদিন ধরে মেমারী পৌরসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এলাকায় দলের ভরাডুবির পর থেকেই সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এরই মধ্যে সোমবার আচমকাভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক কাউন্সিলর পদত্যাগ করায় জল্পনা আরও তীব্র হয়েছে।মেমারী পৌরসভায় মোট ১৬ জন কাউন্সিলর ছিলেন। তার মধ্যে ১১ জনের পদত্যাগের ফলে বর্তমান বোর্ড কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অস্তিত্বের সংকটে পড়েছে। ফলে পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হবে নাকি নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি স্তরে কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই গণপদত্যাগ মেমারীর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন সকলের নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং মেমারী পৌরসভার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর দিকে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande