
মধুবনী, ৮ জুন (হি.স.): রবিবার সন্ধ্যায় বিহারের মধুবনী জেলায় বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শ্রমমন্ত্রী অরুণশঙ্কর প্রসাদ। একটি পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এর ফলে তাঁর গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মন্ত্রী সুরক্ষিত আছেন বলে জানা গেছে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের চিহ্নিত করে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার করতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গেছে, মধুবনী জেলার খাজাউলি থানার অন্তর্গত তাহের গ্রামে সম্প্রতি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার সন্ধ্যায় সেখানে যান শ্রমমন্ত্রী অরুণশঙ্কর প্রসাদ। মন্ত্রী গ্রামে পৌঁছালে সেখানে উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। তাতেই তাঁর গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ