ফটিকরায়ে যুবকের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ, পরিবারের পাশে মন্ত্রী সুধাংশু দাস
ফটিকরায় (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার জনৈক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর একটি জলাশয় থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন
মৃত যুবকের বাড়িতে মন্ত্রী সুধাংশু দাস


ফটিকরায় (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার জনৈক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর একটি জলাশয় থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। সোমবার তিনি মৃত যুবকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

জানা গেছে, ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শচীন্দ্র ঘোষের বড় ছেলে সাগর ঘোষ (৩৩) গত ৩ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে পরিবারের মধ্যে।

অবশেষে গত শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে সাগর ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহটি জলের নিচে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে তার শরীরে একটি বড় পাথর বাঁধা ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এটি কোনওভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার মৃত যুবকের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি মৃতের মা শিপ্রা ঘোষ, ছোট ভাই এবং অন্যান্য আত্মীয়দের সান্ত্বনা দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি জানান, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অন্যদিকে, একমাত্র বড় ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন মৃতের মা শিপ্রা ঘোষ। তিনি বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও পরিবারের বোধগম্য নয়। তবে তার দৃঢ় বিশ্বাস, সাগর ঘোষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, সাগর ঘোষ উচ্চশিক্ষিত ছিলেন এবং গৃহশিক্ষকতা করতেন। তাঁর বাবা শচীন্দ্র ঘোষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে কুয়েতে অবস্থান করছেন। বাড়িতে মা ও ছোট ভাইকে নিয়েই তাঁদের সংসার ছিল। সাগর ঘোষের অকাল ও রহস্যজনক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন আত্মীয়-স্বজন ও এলাকার বাসিন্দারা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে মৃতের পরিবারসহ সমগ্র ফটিকরায়বাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande