মণিপুরের কাঙপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত এক
কাঙপোকপি (মণিপুর), ৮ জুন (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জ্বালানি কাঠ সংগ্রহকারী এবং পানীয় জলের পাইপলাইন মেরামতের কাজে নিয়োজিত একদল গ্রামবাসীকে লক
কাঙপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত চুংজাংলুং পানমেই


কাঙপোকপি (মণিপুর), ৮ জুন (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জ্বালানি কাঠ সংগ্রহকারী এবং পানীয় জলের পাইপলাইন মেরামতের কাজে নিয়োজিত একদল গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালালে মৃত্যু হয়েছে পংরিংলং পার্ট-১ গ্রামের বাসিন্দা রংমেই নাগা সম্প্রদায়ভুক্ত বছর ৫৮-এর চুংজাংলুং পানমেইয়ের।

পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, ঘটনাটি টুপুল গ্রামের ওপর একটি বনাঞ্চলে ঘটেছে। এলাকাটি নিউ কেইথেলমানবি থানার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সূত্রের কাছে জানা গেছে, আজ সোমবার সকাল প্রায় ৬টা ৪০ মিনিটে গ্রামের নয়জন বাসিন্দা জ্বালানি কাঠ সংগ্রহ এবং পানীয় জলের পাইপলাইন মেরামতের জন্য ওই এলাকায় যান। কাজ চলাকালীন প্রায় ৫০০ মিটার দূর থেকে সন্দেহভাজন জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পানমেইয়ের ডান পায়ে গুলি লাগে। পরে তিনি নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর পেয়ে রাজ্য পুলিশ এলাকায় তালাশি ও উদ্ধার অভিযান শুরু করে। বেলা প্রায় ১টা ৩০ মিনিটে বনাঞ্চল থেকে চুংজাংলুং পানমেইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় মৃতদেহে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক গুলির ক্ষত পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, পায়ে গুলি লাগার পর তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক পরিস্থিতি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ইমফলে একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

পংরিংলং পার্ট-১ একটি ছোট রোংমেই নাগা গ্রাম, যা টুপুল গ্রামের উপরে অবস্থিত। গ্রামটিতে প্রায় ১৪টি পরিবার এবং প্রায় ৬০ জন বাসিন্দা রয়েছে।

ঘটনার পর পংরিংলং ইয়ুথ ক্লাব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সশস্ত্র কুকি জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ তুলেছে। সংগঠনটি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি।

উল্লেখ্য, গত ৫ জুন কাংপোকপি জেলার নিউ কেইথেলমানবি মহকুমার লোইবোল খুল্লেন গ্রামে অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীদের গুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande