
বারাকপুর, ৮ জুন (হি. স.):- ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত কুমার সিং-এর সঙ্গে দেখা করেন বারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং-সহ মোট ছয়জন বিধায়ক।পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা দাবি করেন, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করা হোক। একই সঙ্গে অভিযোগে নাম থাকা সকল ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তাঁরা।এদিন মন্ত্রী অর্জুন সিং বিশেষভাবে হালিশহরের নিহত সৈকত ভাওয়ালের মামলার প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর দাবি, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে মামলাটি পুনরায় সক্রিয় করা হোক এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।বিধায়কদের এই পদক্ষেপকে কেন্দ্র করে বারাকপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ কমিশনারেট সূত্রেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়