
হাওড়া, ৮ জুন (হি. স.):- সোমবার প্রাক্তন মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার পড়াকে কেন্দ্র করে হাওড়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে তাঁর বাড়ির সামনে এবং কালী কুণ্ডু লেনের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একাধিক পোস্টার নজরে আসে।পোস্টারগুলিতে অরূপ রায়কে ‘বেইমান’ ও ‘গাদ্দার’ বলে আক্রমণ করা হয়েছে। একটি পোস্টারে লেখা রয়েছে, “জন্মলগ্ন থেকে দিদির দলকে হাওড়ায় এক এক করে শেষ করে দেওয়ার মূল কান্ডারী বেইমান গাদ্দার অরূপ রায়।” পোস্টারের নীচে আবার লেখা রয়েছে, “আমরা দিদির সৈনিক।”সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পোস্টারে ব্যবহৃত অরূপ রায়ের ছবিতে জুতোর মালা পরানো হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টারের ভাষা ও নীচে লেখা বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এলাকাবাসীর নজরে আসার পর পোস্টারগুলি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে দায় স্বীকার করেনি। তৃণমূল কংগ্রেসের অন্দরেই কোনও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার লাগানো হয়ে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান। তবে ঘটনার প্রকৃত উৎস ও উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়