
কলকাতা, ৮ জুন (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর কথায়, যে জোটের জনসমর্থন নেই, তার কোনও যৌক্তিকতা থাকে না। সোমবার নতুন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছে ইন্ডি জোট। সেই বৈঠকের সমালোচনা করে রাহুল সিনহা বলেন, তারা যত জোটই করুক বা বৈঠক-সমাবেশই করুক না কেন, দেশের মানুষ ইতিমধ্যেই এই ধরনের 'খিচুড়ি' জোট বহুবার দেখেছে এবং তা প্রত্যাখ্যান করেছে। সুতরাং, এই ধরনের কোনও জোটই সফল হবে না। তারা যতই চেষ্টা করুক না কেন, ডিএমকে হোক বা অন্য কোনও দলই কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে রাজি হবে না। জনগণ তাদের সঙ্গে নেই। যে জোটের জনসমর্থন নেই, তার কোনও যৌক্তিকতা বা অর্থ থাকে না।
মাদ্রাসা প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, সমস্ত মাদ্রাসার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। সেগুলো সরকারি টাকায় চলে। কিছু মাদ্রাসায় দেশবিরোধী কার্যকলাপ চলছে, তাই এ বিষয়ে সুস্পষ্ট তথ্য সংগ্রহ করতে হবে। দেশের এবং বাংলার করদাতাদের টাকায় চলা মাদ্রাসাগুলোতে আমরা দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ