
বীরভূম, ৮ জুন (হি.স.): বিধানসভা নির্বাচনের ফলাফলের একমাস কাটতে না কাটতেই বীরভূম জেলা তৃণমূলে বড়সড় ভাঙন। সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত এবং ভাইস চেয়ারম্যান কামাল কাজী হোসেন-সহ মোট ১৪ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। অন্যদিকে, কোমা পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু-সহ ৬ জন পঞ্চায়েত সদস্যও ইস্তফা দিয়েছেন।
সোমবার দুপুরে সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্তের নেতৃত্বে ১৩ জন কাউন্সিলর সিউড়ি সদর মহকুমা শাসক সুপ্রতীক সিং-এর কাছে গিয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। এর আগে, এদিন সকালেই ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায় তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
পুরসভার পাশাপাশি ধাক্কা এসেছে পঞ্চায়েত স্তরেও। বীরভূম জেলার সিউড়ি ২ ব্লকের কোমা পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু-সহ ৬ জন সদস্য এদিন সিউড়ি ২ ব্লকের বিডিও-র কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ