
কলকাতা, ৮ জুন (হি.স.): নজিরবিহীন রাজনৈতিক সংকটের সাক্ষী হলো উত্তর দমদম পুরসভা। সোমবার দুপুরে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান-সহ একযোগে পদত্যাগ করলেন মোট ২০ জন পুর-প্রতিনিধি। এদিন পুরসভার এগ্জিকিউটিভ অফিসারের কাছে গিয়ে তাঁরা নিজেদের ইস্তফাপত্র জমা দেন। একসঙ্গে এতজন কাউন্সিলরের পদত্যাগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চেয়ারম্যান বিধান বিশ্বাস দাবি করেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই মূলত শারীরিক অসুস্থতার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে চেয়ারম্যান ‘ব্যক্তিগত’ কারণের কথা বললেও, পুর-প্রতিনিধিদের ঘনিষ্ঠ সূত্র থেকে উঠে আসছে অন্য বক্তব্য। সেই সূত্র জানাচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চাপেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। উল্লেখ্য, মোট ৩৪টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর দমদম পুরসভা। তার মধ্যে একযোগে ২০ জন পুর-প্রতিনিধি ইস্তফা দেওয়ায় পুরবোর্ড কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারাল। এর ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই রাজনৈতিক ডামাডোলের জেরে এলাকার নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ থমকে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ