বাগমায় বাসের ধাক্কা বোলেরোতে, নাবালিকা সহ আহত ২
উদয়পুর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : ফের পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মন্দির নগরী উদয়পুর। সোমবার গোমতী জেলার রাধাকিশোরপুর থানাধীন বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন আহত হন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জান
সড়ক দুর্ঘটনা


উদয়পুর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : ফের পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মন্দির নগরী উদয়পুর। সোমবার গোমতী জেলার রাধাকিশোরপুর থানাধীন বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন আহত হন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগরতলা থেকে আসা একটি যাত্রীবাহী বাস (নম্বর- টিআর০১সি১৪২১) বাগমা মহাদেব মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই বোলেরো গাড়িতে (নম্বর- টিআর০১এজে১৫৬৮) সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় পূজা দেবনাথ নামে জনৈক নাবালিকা এবং নগেন্দ্র দেববর্মা নামে জনৈক যুবক গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা পূজা দেবনাথকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। অপরদিকে গুরুতর আহত নগেন্দ্র দেববর্মাকে স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই হাসপাতালে নিয়ে যান।

গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক অজয় দাস জানান, আহত দুইজনের মধ্যে নগেন্দ্র দেববর্মার আঘাত গুরুতর হওয়ায় বিভিন্ন চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালের শল্য বিভাগে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নাবালিকা পূজা দেবনাথকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বাগমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস ও বোলেরো গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উদয়পুরে একের পর এক সড়ক দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম অমান্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকায় আরও কড়া ট্রাফিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande