
হাওড়া, ৮ জুন (হি. স.):- হাওড়ার বাঁকড়া ব্রিজের উপর অবৈধভাবে গড়ে ওঠা টোটো স্ট্যান্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল কোনা ট্রাফিক গার্ড। দীর্ঘদিন ধরে ব্রিজের উপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে হাওড়া-আমতা রোডে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল।সোমবার ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ব্রিজের উপর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক টোটো আটক করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন টোটোচালককে সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে ব্রিজের উপর কোনও ধরনের অবৈধ স্ট্যান্ড পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিস সময়ে ব্রিজের উপর টোটো দাঁড়িয়ে থাকায় যানবাহনের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে কর্মস্থলে যাতায়াতকারী মানুষ এবং জরুরি পরিষেবার গাড়িগুলিকেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই কারণেই যানজট নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে।কোনা ট্রাফিক গার্ডের কর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে বাঁকড়া ব্রিজ ও হাওড়া-আমতা রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে টোটো দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়