
হাফলং (অসম), ৮ জুন (হি.স.) : পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ন্যায্য নম্বর প্রদানের দাবিতে আজ সোমবার হাফলং গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা কলেজের প্রধান প্রবেশদ্বারে তালাসেঁটে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, সদ্যপ্রকাশিত পরীক্ষার ফলাফলে বহু ছাত্রছাত্রী অস্বাভাবিকভাবে কম নম্বর পেয়েছেন। কিছু ক্ষেত্রে নম্বর এক অঙ্কের হওয়ার পাশাপাশি অনেক শিক্ষার্থী এখনও তাঁদের মার্কশিট হাতে পাননি বলেও অভিযোগ করেছেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, গত ২ জুন তাঁরা ডিমা হাসাওয়ের জেলাশাসকের মাধ্যমে শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকপত্র পাঠিয়েছিলেন। ওই স্মারকপত্রে প্রকাশি ফলাফলে দৃশ্যমান বিভিন্ন অসংগতি দূর করার দাবি জানানো হয়। এ ব্যাপারে ৬ জুনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন তাঁরা।
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক কোনও পদক্ষেপ না নেওয়ায় আজ সোমবার আন্দোলন আরও জোরদার করা হয়। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হন।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, মূল্যায়ন প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং যে সকল শিক্ষার্থী এখনও মার্কশিট পাননি, তাঁদের দ্রুত মার্কশিট প্রদান করা।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত সমস্যাগুলোর সমাধান না করেন, তা-হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর ও তীব্র আকার ধারণ করবে।
উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, অসম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের দাবি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে বলে মৌখিকভাবে জানানোর পর হাফলং সরকারি কলেজের ছাত্রছাত্রীরা তাঁদের আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিলেও তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের দাবিদাওয়া সমাধান না করলে পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব