
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): ভাড়াটে নিজের কারখানায় পরিবেশের নিয়ম লঙ্ঘন করলে বা দূষণ ছড়ালে তার দায় কোনওভাবেই বাড়ির মালিকের ওপর চাপানো যায় না। এক ঐতিহাসিক রায়ে সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব সচদেবের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে। সুরাটের বাড়ির মালিকের জমিতে এক ভাড়াটে একটি রাসায়নিক কারখানা চালাচ্ছিলেন। অভিযোগ ওঠে, ওই রাসায়নিক কারখানাটি পরিবেশের নিয়ম লঙ্ঘন করে দূষণ ছড়াচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ভাড়াটের পাশাপাশি জমির মালিককেও সমান দোষী সাব্যস্ত করে ২৫ লক্ষ টাকার জরিমানা করে।
এই নির্দেশের বিরুদ্ধে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) দ্বারস্থ হয়েছিলেন বাড়ির মালিক। ২০২৫ সালের ১৪ নভেম্বর এনজিটি রায় দেয় যে, ভাড়াটের অপরাধের শাস্তি মালিককে দেওয়া যুক্তিহীন। এনজিটি-র এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিল গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব সচদেবের ডিভিশন বেঞ্চ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সেই রায়কেই বহাল রেখে এই সিদ্ধান্ত জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ