
কোচবিহার, ৮ জুন (হি.স.): পারিবারিক কারণ ও ব্যক্তিগত ইচ্ছার কথা জানিয়ে পদত্যাগ করলেন কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দুই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। তাঁরা হলেন অন্দোরান-ফুলবাড়ি ১ পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী ও বালাভূত পঞ্চায়েতের প্রধান আবতার আলি ব্যাপারি। সোমবার তুফানগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-র কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তাঁরা। একই দিনে দুই প্রধানের এই আকস্মিক ইস্তফায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।
জানা গেছে, এদিন তুফানগঞ্জের বিডিও-র দফতরে এসে সরাসরি পদত্যাগপত্র জমা দেন এই দুই জনপ্রতিনিধি। দলের পক্ষ থেকে বিষয়টিকে তাঁদের ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে দাবি করা হলেও, একই দিনে দুই তৃণমূল পঞ্চায়েত প্রধানের ইস্তফা দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ