
কলকাতা, ৮ জুন (হি স)। যাদবপুরে রবিবার রাতে রেলের জমি থেকে দখলদার উৎখাতের প্রতিবাদে তৃণমূলের কেউ ছিলেন না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম বুদ্ধিজীবী ঊষসী চক্রবর্তী। মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষও।
ঊষসী জানিয়েছেন, “হকারদের উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে বুক পেতে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে এখন গোটা রাজ্যের সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে বুলডোজারের সামনে দাঁড় করিয়ে দিয়ে জাস্ট হাওয়া হয়ে গেছে.... হকারদের এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে লড়ছে লাল ঝান্ডা...”।
অন্যদিকে, সায়নী ঘোষ তৃণমূলের রাজনৈতিক সূত্র মেনে রাজ্যের বর্তমান সরকারের বিরোধিতা করে দায় সেরেছেন। তিনি বলেছেন, “যাদবপুর স্টেশন রোডে বুলডোজারের তাণ্ডব হৃদয়বিদারক। রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযান হাজার হাজার মানুষকে তাদের আয়ের উৎস থেকে বঞ্চিত করে চলেছে। কোনও নোটিশ বা ইতিবাচক আলোচনা ছাড়া বলপূর্বক উচ্ছেদ অন্যায্য এবং পুনর্বাসন পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ নীরবতা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বর্তমান সরকারের অসহনশীলতার পরিচয় দেয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত