
আরামবাগ , ৮ জুন (হি.স.) : হকার উচ্ছেদের প্রতিবাদে সোমবার আরামবাগে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। এদিন আরামবাগ পৌরসভা ঘিরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে বাম কর্মী ও সমর্থকরা আরামবাগ পৌরসভায় ডেপুটেশন দেন, পরে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, শহরজুড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাধারণ হকারদের জীবিকা সংকটে পড়ছে এবং প্রশাসনকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ ২০২৬ বিধানসভা নির্বাচনের সিপিআইএম প্রার্থী বিথীকা পণ্ডিত সহ অন্যান্য বাম নেতৃত্ব। তাঁরা পৌর প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে হকারদের পুনর্বাসনের দাবি জানান।
বাম নেতৃত্বের দাবি, পরিকল্পনা ছাড়া উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA