
ধর্মনগর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অন্তর্গত বটরশি এলাকা থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি স্করপিও গাড়িও জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে নাগাদ গোয়েন্দা বিভাগের কাছে খবর আসে যে বটরশি এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে সাদা রঙের স্করপিও গাড়ি (নম্বর- এএস০৪আর৪৫৪৯) ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ধর্মনগর থানাকে জানানো হয়।
এরপর ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন স্করপিও গাড়িটি পাওয়া গেলেও গাড়ির ভেতরে কাউকে দেখা যায়নি। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাবানের কেসের ভেতর রাখা ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশ মাদকদ্রব্যসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্মনগর থানায় এনডিপিএস আইনের ২২/২৫/২৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি অভিযানও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ