
আরামবাগ, ৮ জুন (হি.স.): এলাকায় সাম্প্রতিক হিংসা, হুমকি এবং তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোঘাট এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে গোঘাট থানার পুলিশ বিজেপির জেলা ওবিসি মোর্চার সহ-সভাপতি শুভজিৎ ঘোষকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে এলাকায় হুমকি দেওয়া এবং এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
আজ, সোমবার ধৃত শুভজিৎ ঘোষকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA