কিল্লা মোটরস্ট্যান্ডে ফের হামলা, গুরুতর আহত ব্যবসায়ী, আতঙ্কে এলাকাবাসী
উদয়পুর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : গোমতী জেলার কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় ফের মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনৈক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে
আহত ব্যবসায়ী হাসপাতালে


উদয়পুর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : গোমতী জেলার কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় ফের মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনৈক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপর একাধিক হামলার ঘটনায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বেড়েছে।

জানা গেছে, আহত ব্যক্তির নাম মোহাম্মদ আখতার হোসেন। তাঁর বাড়ি কিল্লা মুসলিমপাড়া এলাকায়। অভিযোগের তীর উঠেছে উদয়পুরের শালগড়া এলাকার বাসিন্দা নজরুল মিয়ার বিরুদ্ধে। রবিবার রাতে কিল্লা মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের খবর, ওই সময় আখতার হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী সম্প্রতি সংঘটিত এক ছিনতাই ও হামলার ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। উল্লেখ্য, গত সপ্তাহে কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় রাবার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা এবং রাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ, আলোচনার মাঝেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন নজরুল মিয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি আচমকাই আখতার হোসেনের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলায় আখতারের শরীরের স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত লাগে। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত আহত আখতার হোসেনকে উদ্ধার করে কিল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, অল্প কয়েক দিনের ব্যবধানে কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় পরপর দুটি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। বিশেষ করে থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নজরুল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাঁকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি হামলার প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দোষীকে দ্রুত গ্রেফতা করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় স্থায়ীভাবে পুলিশি নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা আরও জোরদার করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। পরপর হামলার ঘটনায় বর্তমানে কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande