
আগরতলা, ৮ জুন (হি.স.) : ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে জোরদার হয়েছে নির্বাচনী প্রচার। বিভিন্ন প্যানেলের পাশাপাশি সংবিধান বাঁচাও মঞ্চও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সোমবার আগরতলা আদালত চত্বরে অনুষ্ঠিত প্রচার কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন।
প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, বার অ্যাসোসিয়েশন কেবলমাত্র আইনজীবীদের একটি পেশাগত সংগঠন নয়, এটি বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। বিচারব্যবস্থার স্বচ্ছতা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এমন ব্যক্তিদের আসা প্রয়োজন, যারা আইনজীবীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, আইনজীবীদের নানা সমস্যা ও দাবি দীর্ঘদিন ধরে রয়ে গেছে। এসব সমস্যা সমাধান এবং আদালত-সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নের জন্য দায়িত্বশীল ও সক্রিয় নেতৃত্বের বিকল্প নেই। সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণ, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বার অ্যাসোসিয়েশনের সামগ্রিক উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
এদিনের প্রচারে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। আইনজীবীদের জন্য উন্নত পরিকাঠামো, পেশাগত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, কল্যাণমূলক প্রকল্প সম্প্রসারণ এবং আদালত চত্বরে প্রয়োজনীয় পরিষেবার উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। পাশাপাশি আইনজীবীদের ঐক্যবদ্ধ থেকে বার অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
প্রচার কর্মসূচিতে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী, সমর্থক এবং বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। আদালত চত্বরে নির্বাচনী আবহে দিনভর ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা বিভিন্ন চেম্বার ও আদালত প্রাঙ্গণে গিয়ে আইনজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন।
উল্লেখ্য, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও পেশাগত উভয় ক্ষেত্রেই আলোচনা তুঙ্গে উঠেছে। বিভিন্ন প্যানেল নিজেদের প্রার্থী ও কর্মসূচি নিয়ে প্রচারে নেমেছে। নির্বাচনে কারা নেতৃত্বে আসবেন এবং আগামী দিনে বার অ্যাসোসিয়েশনের দিকনির্দেশনা কী হবে, তা নিয়ে আইনজীবী মহলে ব্যাপক আগ্রহ ও জল্পনা তৈরি হয়েছে। বার নির্বাচনের ফলাফল আদালত মহলের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ