বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল কংগ্রেসের, নিগম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
আগরতলা, ৮ জুন (হি.স.) : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি-সহ একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হল সদর জেলা কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শহরে প্রতিবাদ মিছিলও অন
কংগ্রেসের বিক্ষোভ


আগরতলা, ৮ জুন (হি.স.) : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি-সহ একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হল সদর জেলা কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শহরে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।

এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে অবস্থান করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য নেতৃত্ব।

বিক্ষোভ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিদ্যুৎ নিগমের বিভিন্ন কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে এবং জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ। তাঁর দাবি, সরকারের মূল লক্ষ্য জনসেবার পরিবর্তে দলীয় স্বার্থ রক্ষা ও সম্পদ বৃদ্ধির দিকে বেশি মনোযোগী। এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande