
মোহনপুর (ত্রিপুরা), ৮ জুন (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন মোহনপুর বিধানসভার আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকামুড়া পূর্ব পাড়ায় অবস্থিত শ্রীশ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে দুষ্কৃতীদের হামলা এবং চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবা সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয় ভক্তরা মন্দির খুলতে গিয়ে ভাঙচুর ও চুরির ঘটনার বিষয়টি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে বা সোমবার ভোরের কোনও এক সময় দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে তাণ্ডব চালায়। মন্দিরের ভেতরে বিভিন্ন সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুষ্কৃতীরা মন্দিরে থাকা প্রায় চার ভরিরও বেশি ওজনের একটি রূপার চেইন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বহু মানুষ মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
মন্দিরের পুরোহিত জানান, প্রতিদিনের মতো সকালে মন্দিরে পূজার প্রস্তুতি নিতে এসে তাঁরা দেখতে পান মন্দিরের ভেতরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে খতিয়ে দেখে রূপার চেইনটি খোয়া যাওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।
শ্রীশ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত সরকার ঘটনাটির তীব্র নিন্দা করে বলেন, এটি শুধু চুরির ঘটনা নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।
ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মন্দির এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। আশপাশের এলাকায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গেছে।
এলাকাবাসীর দাবি, ধর্মীয় স্থানে এ ধরনের অপরাধমূলক ঘটনা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা কালিকামুড়া এলাকা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ