উত্তরবঙ্গ সফরের শেষ দিনে জলপাইগুড়িতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, উন্নয়নমূলক কাজের পর্যালোচনা
কলকাতা, ৯ জুন (হি. স.) : তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মঙ্গলবার জলপাইগুড়িতে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, বেআইনি দখলদারি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি
অগ্নিমিত্রা পাল


কলকাতা, ৯ জুন (হি. স.) : তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মঙ্গলবার জলপাইগুড়িতে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, বেআইনি দখলদারি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

সফরের বিবরণ দিয়ে তিনি জানান, প্রথম দিন উত্তরকন্যায় প্রশাসনিক কর্মসূচি ছিল এবং দ্বিতীয় দিন দার্জিলিং ও কালিম্পঙে একাধিক বৈঠক করেছেন। মঙ্গলবার সকালে জলপাইগুড়িতে পৌঁছে তিনি সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, গত বছরের জলমগ্ন এলাকা এবং ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।

অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এই প্রকল্পের আবেদনপত্র পুরনিগম কার্যালয়, বরো অফিস, পঞ্চায়েত এবং ব্লক অফিস থেকে সংগ্রহ করা যাবে। তিনি স্পষ্ট করে দেন যে, বাড়ির প্রত্যেক মহিলার জন্য আলাদা ফর্ম নেওয়ার কোনও প্রয়োজন নেই। একটি পরিবারের জন্য একটি ফর্মই যথেষ্ট। একই ফর্মে পরিবারের একাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে, যার ফলে মা, মেয়ে ও বৌমা সহ সমস্ত যোগ্য সদস্যের নাম একসঙ্গে নথিভুক্ত করা যাবে। আবেদন জমা পড়ার পর নির্ধারিত প্রক্রিয়া মেনে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

মহিলাদের জন্য প্রস্তাবিত বিনামূল্যে বাস সফরের সুবিধা নিয়ে তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো অভাবী ও সাধারণ মহিলাদের স্বস্তি দেওয়া। তবে ভবিষ্যতে এই সুবিধার অপব্যবহার রুখতে এবং যাঁদের এই পরিষেবার প্রকৃত প্রয়োজন নেই, তাঁদের চিহ্নিত করার কথা ভাবা হতে পারে, যাতে প্রকল্পের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছায়।

বেআইনি দখলদারি ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু জমি নয়, পুকুর বা অন্যান্য সরকারি সম্পত্তি বুজিয়ে বেআইনি নির্মাণের ঘটনারও তদন্ত করা হবে। পুরসভা ও পুরনিগমগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সন্দেহজনক ক্ষেত্রে নোটিশ জারি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জমির বৈধ নথিপত্র চাওয়া হোক। নথিপত্র সঠিক থাকলে কোনও পদক্ষেপ করা হবে না, তবে বেআইনি দখল প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য সমস্ত পক্ষকেই নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন ধরনের দুর্নীতির ঘটনা সামনে এসেছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৈরি হওয়া বিতর্কের উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে তদন্তকারী সংস্থাগুলিকে স্পষ্ট করতে হবে যে সংশ্লিষ্ট স্বাক্ষরটি আসল নাকি জাল। যদি কোনও অনিয়ম হয়ে থাকে, তবে তার সত্যতা সামনে আসা উচিত।

উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলিতে নারী পাচার ও মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উত্তরকন্যার বৈঠকে এই বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে। 'প্রতিরোধ নিরাময়ের চেয়ে শ্রেয়'—এই নীতি মেনে স্পর্শকাতর এলাকাগুলি আগে থেকেই চিহ্নিত করে সচেতনতা প্রচার চালানো হবে। পরিবার এবং বিশেষ করে মহিলাদের সচেতন করা প্রয়োজন যাতে কাজের প্রলোভনে বা কোনও ভুল চক্রের ফাঁদে তাঁরা পা না দেন। স্বনির্ভর গোষ্ঠী এবং সামাজিক সংগঠনগুলিকেও এই অভিযানে শামিল করা হবে, যাতে মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি তাঁদের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande