
কলকাতা, ৯ জুন (হি.স.): হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া ছিল, কিন্তু তৃতীয় সমনেও হাজিরা এড়ালেন তিনি। সই জাল কাণ্ডে তৃতীয়বারও সিআইডি তলবে সাড়া দিলেন না তৃণমূল নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ছিল ডেডলাইন। সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে। তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না তিনি। সেই চিঠিতে অভিষেক অতিরিক্ত সময় চেয়েছেন বলেই খবর। তিনি যে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সেকথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
সিআইডি সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি তিনি রাজ্যের বাইরে রয়েছেন, সেই জন্য যেতে পারছেন না। এর আগেও ২ বার সিআইডি–র তলব এড়িয়েছেন অভিষেক। গত ১ জুন প্রথমবার তাঁকে তলব করেছিল সিআইডি। কিন্তু, ওইদিন সিআইডি–র তলবে ভবানীভবনে যাননি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। চিঠি দিয়ে জানান, তিনি অসুস্থ। তাই হাজিরা দিতে পারছেন না। গত ৩০ মে সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। সেজন্যই নিজেকে অসুস্থ বলে উল্লেখ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ