‘প্যাডেল ফর দ্য প্ল্যানেট’ সাইকেল র্যালিতে ঝাড়গ্রামে দেড়শো অংশগ্রহণকারী
ঝাড়গ্রাম, ৯ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হল ‘প্যাডেল ফর দ্য প্ল্যানেট’ সাইকেল র‍্যালি। মঙ্গলবারের এই কর্মসূচিতে প্রায় দেড়শো সাইকেলপ্রেমী অংশ নেন। র‍্যালিকে ঘিরে শ
‘প্যাডেল ফর দ্য প্ল্যানেট’ সাইকেল র্যালিতে ঝাড়গ্রামে দেড়শো অংশগ্রহণকারী


ঝাড়গ্রাম, ৯ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হল ‘প্যাডেল ফর দ্য প্ল্যানেট’ সাইকেল র‍্যালি। মঙ্গলবারের এই কর্মসূচিতে প্রায় দেড়শো সাইকেলপ্রেমী অংশ নেন। র‍্যালিকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির অংশ হিসেবে স্টার্ট আপ ফাউন্ডেশন, ঝাড়গ্রাম সাইকেল রাইডার্স এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই সাইক্লোথনের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ঝাড়গ্রাম শহরে এই প্রথম এত বড় পরিসরে সাইকেল র‍্যালির আয়োজন করা হল।

সকালে সার্কাস ময়দান থেকে র‍্যালির সূচনা হয়। পাঁচমাথা মোড়, মধুবন মোড় ও কলেজ মোড় ঘুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি আবার সার্কাস ময়দানে ফিরে আসে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে যুবক-যুবতী, সাধারণ নাগরিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উপ-অধিকর্তা অরুণাভ দত্ত, যুগ্ম শ্রম কমিশনার (পার্সোনেল) নবেন্দু মুখার্জি, শিক্ষিকা তানিয়া ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

সাইকেল র‍্যালির পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং সাইকেল ব্যবহারের উপকারিতা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের নিয়ে দলগত আলোকচিত্র গ্রহণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, পরিবেশ দূষণ রোধ এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে সাইকেলের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande