
স্বরূপনগর, ৯ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের কৈজুরী পশ্চিমপাড়ায় পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় দুই নাবালিকার মৃত্যু হয়েছে। ঘটনায় আরও তিন শিশু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পাঁচজন শিশু বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায়। স্নান করার সময় তারা গভীর জলে চলে গেলে বিপত্তি ঘটে। পাঁচজনের মধ্যে দু’জন জলের তলায় তলিয়ে যায়। বাকি শিশুরা কোনওমতে পুকুর থেকে উঠে এসে পরিবারের সদস্যদের খবর দেয়।খবর পেয়ে পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পাঁচজনকেই উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৮ বছর বয়সি পরি মণ্ডল এবং ৭ বছর বয়সি দিশা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।অন্য তিন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত দুই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়