
পূর্ব মেদিনীপুর, ৯ জুন (হি.স.): রাজ্যে পালাবদলের পরে মঙ্গলবার দিঘার জগন্নাথধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। দিঘায় জগন্নাথ মন্দিরকে বিগত সরকার ‘জগন্নাথ ধাম’ হিসাবে চিহ্নিত করেছিল। তাতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি চিঠি লিখে এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন আগেই। এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সেই অনুরোধপত্র পুরীর সাংসদ সম্বিত পাত্রের মাধ্যমে পাঠালেন তিনি।
শুভেন্দু জানান, ‘ধাম’ বলা সম্ভব নয় দিঘার সেই মন্দিরকে। ফলে সেই শব্দ বাদ দেওয়া হবে। মন্দিরের রীতি মেনে সেখানে পুজোপাঠ হবে। শুভেন্দু বলেন, ওড়িশার মুখ্যমন্ত্রী পুরীর সাংসদ সম্বিতকে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, সকলেই চান পুজোপাঠ হোক। কিন্তু ধাম শব্দ সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার পরেই শুভেন্দু বলেন, বিতর্ক আগেই ছিল। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে দিঘার ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দিচ্ছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ