প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামের উন্নয়ন ইস্যুতে সরব জনপ্রতিনিধিরা
ঝাড়গ্রাম, ৯ জুন (হি.স.) : ঝাড়গ্রামের দীর্ঘদিনের একাধিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সরব হলেন জেলার জনপ্রতিনিধিরা। মঙ্গলবার কোলাঘাটে আয়োজিত বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিবহণ,
প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামের উন্নয়ন ইস্যুতে সরব জনপ্রতিনিধিরা


ঝাড়গ্রাম, ৯ জুন (হি.স.) : ঝাড়গ্রামের দীর্ঘদিনের একাধিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সরব হলেন জেলার জনপ্রতিনিধিরা। মঙ্গলবার কোলাঘাটে আয়োজিত বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিবহণ, পর্যটন, সেতু নির্মাণ এবং হাতি-মানুষ সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

কোলাঘাটে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার বিধায়ক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝাড়গ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, নয়াগ্রামের বিধায়ক অমিয় কিস্কুসহ অন্যরা।

বৈঠকে মন্ত্রী রাজেশ মাহাতো আমদই ও কংকাবতীর মধ্যে প্রবাহিত কংসাবতী নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে লিখিত প্রস্তাব তুলে দেন। পাশাপাশি হাতি-মানুষ সংঘাতের স্থায়ী সমাধান, বর্ষার আগে নদীবাঁধ নির্মাণ, বেলপাহাড়িতে পানীয় জলের সমস্যা দূরীকরণ এবং ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী রেফারের সংখ্যা কমানোর বিষয়েও দাবি জানান তিনি।

ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অঙ্কন ও চারুকলা বিভাগ চালুর দাবি তোলেন। এছাড়া হাতির করিডর চিহ্নিতকরণ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগ চালু, জন্মগত হৃদরোগের চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং সন্ধ্যার পর ঝাড়গ্রাম-মেদিনীপুর বাস পরিষেবা চালুর বিষয়টিও তিনি বৈঠকে উত্থাপন করেন।

বিনপুরের বিধায়ক প্রণত টুডু ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগ চালু এবং এমআরআই মেশিন স্থাপনের দাবি জানান। পাশাপাশি চিল্কীগড়ে সেতু নির্মাণ, বেলপাহাড়ির আদিবাসী ছাত্রাবাস দ্রুত চালু করা, পানীয় জলের সমস্যা সমাধান এবং পর্যটন শিল্পের বিকাশের বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জনপ্রতিনিধিদের দাবি, ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে উত্থাপিত বিষয়গুলি বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে জেলার বহুদিনের সমস্যা মেটার পাশাপাশি উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলেও তাঁরা আশা প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande